ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

৫৫ বছরের অপেক্ষার পর চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ

ads

দীর্ঘ ৫৫ বছরের অপেক্ষার ইতি টেনে অবশেষে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথের শুভ উদ্বোধন করবেন। দীর্ঘ ৫৫ বছর অপেক্ষার পর বাংলাদেশের নীলফামারী এবং ভারতের জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দাদের জন্য আজ আনন্দের দিন।


বিষয়টিতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ জানান, রেলপথ চালুর মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। উদ্বোধনী দিনের জন্য ৩২টি এমটি পণ্যবাহী রেকসহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পাশাপাশি চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত সাত কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করাসহ ভিআইপি গেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে।


এই লক্ষ্যে জোরেশোরেই এগিয়ে চলেছে অবকাঠামো নির্মাণকাজ। অত্যাধুনিক হাইটেক মডেলের রেলস্টেশন, দোতলা টিএক্সআর অফিস কক্ষ, স্টাফদের থাকার ২০টি রুম, কাস্টম অফিস ও ওভার ব্রিজ। এছাড়া ইয়ার্ডে আরও পাঁচটি লাইন বসবে।


তিনি জানান, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারী চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ী হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। রেল চালুর পর এখানে অর্থনৈতিক সচ্ছলতা আসবে। পাশাপাশি যাত্রীবাহী রেল চালু হলে এটা পর্যটনের একটা প্রাণকেন্দ্র হবে। এ প্রসঙ্গে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page